পটিয়ার ওসি প্রত্যাহার, রাস্তা ছাড়লো আন্দোলনকারীরা
পটিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ‘পুলিশি হামলার’ প্রতিবাদে থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরের অপসারণ দাবিতে চট্টগ্রামে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ও পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।
বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ খুলশীতে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি রাস্তায় কথা বলেন।
এই আশ্বাসের পর সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনকারীরা খুলশী ও পটিয়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে সরে যান এবং সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেন।
আন্দোলনকারীরা সাংবাদিকদের বলেন, আমরা আপাতত শান্তিপূর্ণভাবে রাস্তা ছেড়ে দিচ্ছি। তবে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ওসি প্রত্যাহার করা না হলে, পুরো চট্টগ্রাম শহরজুড়ে ব্লকের কর্মসূচি পালন করা হবে।
এর আগে দুপুর ৩টা থেকে আন্দোলনকারীরা খুলশীতে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং ৪টা থেকে মূল সড়ক অবরোধ করে। অন্যদিকে সকাল থেকেই পটিয়া থানার সামনে এবং মহাসড়কে অবস্থান করছিলেন নেতাকর্মীরা। দীর্ঘ সময় দুই জায়গায় সড়ক অবরোধ চলায় যান চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পটিয়ার শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থানায় নিয়ে যান। কিন্তু তার নামে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫-২০ জন আহত হন।
এর আগে পটিয়ার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেছেন, থানায় থাকা আসামি ও পুলিশের নিরাপত্তার স্বার্থে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি।

