Main Sliderজাতীয়

জুলাই ঘটনাপ্রবাহের আলোকে চলচ্চিত্র নির্মাণের আহ্বান তথ্য উপদেষ্টার

বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি অনুদানের জন্য মনোনীত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রযোজকদের কাছে অনুদানের প্রথম কিস্তির মঞ্জরিপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহের আলোকে সংবেদনশীলতা বজায় রেখে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এ সময় সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

মাহফুজ আলম বলেন, সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে মন্ত্রণালয়ের উদ্যোগে কর্মশালা আয়োজন করা হবে। এতে চলচ্চিত্র বিষয়ে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে। এই কর্মশালা চলচ্চিত্রের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারি অনুদানের জন্য চলচ্চিত্র বাছাই প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এবারে চলচ্চিত্র বাছাই করা হয়েছে। এ বছর অনুদানের জন্য মনোনীত চলচ্চিত্রসমূহের গল্পের মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে।

অনুদানে নির্মিত চলচ্চিত্র সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারি অনুদানে নির্মিত সকল চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হবে। ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থায় এসব চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করবে।

নির্ধারিত সময়ের মধ্যে অনুদানের চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম সম্পন্ন করার তাগিদ দিয়ে তিনি বলেন, ইতিপূর্বে অনেক নির্মাতা নির্ধারিত সময়ের মধ্যে চলচ্চিত্র নির্মাণ করতে পারেননি, যা দুঃখজনক। তিনি নির্মাতাদের প্রতি আহ্বান জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে অনুদানের চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম সম্পন্ন করতে হবে।